মায়ামিকে উড়িয়ে দিল অরল্যান্ডো সিটি

0
759
ছবি সৌজন্যে : এক্স

লিওনেল মেসির অনুপস্থিতিতে বড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। এমএলএসে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অরল্যান্ডো সিটি ৪-১ গোলের জয় তুলে নিয়েছে। দু’ অর্ধে একটি করে গোল করেছেন লুইস মুরিয়েল, আর মার্টিন ওহেদা ও মার্কো পাসালিচ করেছেন একটি করে গোল।

ম্যাচের শুরুতেই মাত্র ২ মিনিটে গোল করে অরল্যান্ডোকে এগিয়ে দেন মুরিয়েল।তবে ৬ মিনিট পরই ইয়ানিক ব্রাইট তার ক্যারিয়ারের প্রথম গোল করে মায়ামিকে সমতায় ফেরান।এটি ছিল মায়ামির হয়ে তার ৪০তম ম্যাচ। মুরিয়েলের প্রথম গোলটিতে অ্যাসিস্ট করেন ওহেদা। যা তার সিজনের ১৩তম অ্যাসিস্ট এবং টানা ১৪ ম্যাচে গোল অবদান রাখার নতুন ক্লাব রেকর্ড। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে মুরিয়েল তার সিজনের অষ্টম গোল করে অরল্যান্ডোকে আবার এগিয়ে দেন। ৫৮ মিনিটে ওহেদা গোল করে ব্যবধান বাড়ান ৩-১ এ। শেষ দিকে ৮৮ মিনিটে মার্কো পাসালিচ গোল করে ব্যবধান দাঁড় করান ৪-১ এ।অরল্যান্ডোর গোলরক্ষক পেদ্রো গালেসে চারটি সেভ করেছেন, যার মধ্যে লুইস সুয়ারেজের একটি দুর্দান্ত লং রেঞ্জ শট ক্রসবারের উপর দিয়ে পাঠিয়েছেন তিনি।মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি করেছেন আটটি সেভ।মেসির অনুপস্থিতিতে আক্রমণে ধার হারায় মিয়ামি। চোটের কারণে এই ম্যাচে মাঠে নামেননি আর্জেন্টাইন সুপারস্টার। চলতি সিজনে তিনি ২৩ ম্যাচে ১৮ গোল করেছেন।

ম্যাচ শেষে হতাশ স্বরে মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেছেন, কোনো অজুহাত নেই।এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে উঠে এসেছে অরল্যান্ডো সিটি। তাদের কোচ অস্কার পারেজা সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০তম জয়ের দোরগোড়ায়। অন্যদিকে ষষ্ঠ স্থানে থাকা ইন্টার মায়ামির হাতে শীর্ষ চারের তুলনায় তিনটি ও পঞ্চম স্থানে থাকা কলম্বাস ক্রুর তুলনায় দুটি ম্যাচ বেশি রয়েছে।