
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া এক্সের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু করল ফ্রান্স। প্ল্যাটফর্মটির অ্যালগরিদমে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন এনে বিদেশি হস্তক্ষেপ ঘটানো হয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। জানা গেছে, প্যারিসের প্রসিকিউটর অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, এক্সের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুটি অপরাধের অভিযোগ আনা হয়েছে- অ্যালগরিদম পরিবর্তন এবং ইউজারদের কাছ থেকে প্রতারণামূলকভাবে তথ্য সংগ্রহ।
এই অভিযোগ সংগঠিত তথ্য সিস্টেম হ্যাকিং-এর আওতায় পড়ে, যা ফরাসি আইনে অপরাধ হিসেবে গণ্য হয়। উল্লেখ্য,চলতি বছরের জানুয়ারিতে,প্যারিসের প্রসিকিউটর অফিসের সাইবার ক্রাইম ইউনিট এক্সের বিরুদ্ধে দুটি আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছিল। ফরাসি সংসদের একজন সদস্য এবং একটি সরকারি প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্তা এই মামলার অভিযোগ দাখিল করেন। উভয় অভিযোগেই বলা হয়েছে যে, এক্সের অ্যালগরিদম বিদেশি হস্তক্ষেপের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, ফরাসি সংসদের আরও কয়েকজন সদস্য সম্প্রতি এক্সের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে প্ল্যাটফর্মের এআই চ্যাটবট ,গ্রোক-এর সাম্প্রতিক ইহুদিবিদ্বেষী মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এই মামলায় এক্স প্ল্যাটফর্ম ছাড়াও এর সঙ্গে সংশ্লিষ্ট একটি আইনি সত্তা এবং কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তদন্তের আওতায় এসেছে। তদন্তকারীরা এখন প্রমাণ খুঁজছেন,এক্স প্ল্যাটফর্ম কীভাবে কনটেন্ট প্রদর্শনের অ্যালগরিদম পরিবর্তন করে চরম ডানপন্থি মতাদর্শকে এগিয়ে দিয়েছে।বিশেষ করে ইউরোপের সাম্প্রতিক নির্বাচনে ডানপন্থি প্রার্থীদের পোস্টগুলো বেশি প্রচারিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।








