সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি

0
45
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আইপ্যাক মামলার শুনানি। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে মূলত চলছে সওয়াল-জবাব। সেখানে মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল ইডির এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলেছেন।

তাঁর যুক্তি,ইডি যদি আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে তদন্ত চালানোর সময় অন্য কোনও অপরাধের বিষয় জানতে পারে, তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাতে পারে। এক্ষেত্রে রাজ্য সরকারকে আইনের অনুচ্ছেদ ৬৬ অনুযায়ী জানানোর যুক্তি তুলে ধরেছেন কপিল সিব্বল। পাশাপাশি তাঁর সওয়াল, সরকারি কোনও কর্মী দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধার মুখে পড়ে, তাহলে সংশ্লিষ্ট ওই ব্যক্তি অনুচ্ছেদ ৩২ এর অধীনে মামলা করতে পারেন না। আইনশৃঙ্খলা যে রাজ্যের অধিকার, তাও আদালতকে জানিয়েছেন সিব্বল। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি হয়েছে।

মামলার শুনানিতে সিব্বল আরও বলেছেন, সংবিধানের অনুচ্ছেদ ৩২-এর অধীনে যে ব্যক্তি আদালতে আসেন, তাঁর কীভাবে মৌলিক অধিকার খর্ব হয়েছে তা জানাতে হবে। এমনকী অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে থাকলেও ইডির ডেপুটি ডিরেক্টর ছিলেন না বলে দাবি মুখ্যমন্ত্রীর আইনজীবীর। এরপরেও কীভাবে মৌলিক অধিকার নিয়ে আদালতে মামলা তা নিয়েও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এজলাসে প্রশ্ন তুলেছেন কপিল সিব্বল।