
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বজায় থাকায় যুদ্ধের ধারাবাহিকতা রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কংগ্রেসের আলাদা কোনো অনুমোদনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, প্রশাসনের বর্তমান মূল্যায়ন অনুযায়ী যুদ্ধবিরতির ফলে যুদ্ধের সময়সীমার যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, তার ঘড়ি আপাতত থমকে গেছে। হেগসেথ স্পষ্ট করেছেন, যদি পুনরায় যুদ্ধ শুরু করার প্রয়োজন পড়ে, তবে সেটি একান্তই প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। উল্লেখ্য,১৯৭৩ সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট বা যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী, কোনো আসন্ন হুমকি বা হামলার বিপরীতে সামরিক অভিযান শুরুর পর কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট সর্বোচ্চ ৬০ দিন যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ পান।
সেই সময়সীমা পার হয়ে গেলে আইনত প্রেসিডেন্টকে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে হয়। এদিকে ২ মার্চ ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে সংঘাত শুরুর বিষয়ে কংগ্রেসকে অবহিত করার পর অনেক আইনপ্রণেতা মনে করছেন যে শুক্রবার, ১ মে সেই ৬০ দিনের সময়সীমা অতিক্রান্ত হয়েছে। তবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই যুক্তি মানতে নারাজ।






