
আমেরিকার সঙ্গে পরমাণু দ্বন্দ্ব মিটিয়ে নিতে চায় ইরান। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে তারা। তবে তেহরানের শর্ত, ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আমেরিকাকে। শুধু তাই নয়, ইউরোপীয় দেশগুলিকেও একাধিক বার্তা দিয়েছে তেহরান।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকিয়ে বলেছেন, নিষেধাজ্ঞাগুলি কার্যকরভাবে প্রত্যাহর করার প্রতিশ্রুতি চান তাঁরা। যদিও এব্যাপারে আমেরিকার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। সম্প্রতি তেহরান জানিয়েছিল, আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করবে না ইরান। পশ্চিম এশিয়ার দেশ ওমানের মধ্যস্থতায় ইটালির রাজধানী রোমে পঞ্চম দফার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। তার পরেই এমন বার্তা দিয়েছিল ইরান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ-ও বলেছেন, পরমাণ কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা যদি কোনও চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তা হলেও ইরান টিকে থাকতে পারবে। মাসুদের সেই বার্তার পর এবার মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সুর চড়িয়েছে ইরান। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় গ্যারান্টি চায় তারা।
