
আমেরিকা ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো নতুন যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তেহরান সফর করেন।
সেখানে তিনি ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাবটি ইরানি কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। তবে প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করা হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন,বর্তমানে আলোচনায় এটিই একমাত্র যুদ্ধবিরতির প্রস্তাব। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসংক্রান্ত বিরোধের সমাধান না থাকলে কোনো অস্থায়ী চুক্তিতে তেহরান রাজি নয় বলেও তারা ইঙ্গিত দিয়েছেন।
খবরে বলা হয়েছে, ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে তেহরান সফর করেন। সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেছেন, ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আল-জাইদি যে নিজের পর্যবেক্ষণ ও মতামত ইরানকে জানিয়েছেন, সেটি স্বাভাবিক একটি কূটনৈতিক প্রক্রিয়া।
