
ভার্চুয়াল কনসার্টে হিজাব না পরে পারফর্ম করায় গ্রেফতার করা হয়েছে ইরানের ইউটিউব স্টার পারাস্ত আহমাদিকে। ইরানের রাজধানী তেহরান থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত মাজানদারান প্রদেশের সারি শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁর আইনজীবী, চলতি সপ্তাহে ইউটিউবে একটি অনলাইন কনসার্টে অংশ নিয়েছিলেন পারাস্তু। সেখানে হিজাব ছাড় পারফর্ম করায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আহমদির এই অনলাইন কনসার্ট ইতিমধ্যেই তারিফ কুড়িয়েছে আন্তর্জাতিক মহলে। ভাইরাল ভিডিওতে তাঁকে অসংখ্য কুর্নিশ জানিয়েছে গোটা দুনিয়া। ইরানেই শ্যুট করা ওই ইউটিউব কনসার্ট ভাইরাল হওয়ার পর আহমদির বিরুদ্ধে কঠোর আইনে মামলা দায়ের করা হয়েছে। যার প্রবল সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়াতেও। ইরানে প্রকাশ্যে মহিলাদের মঞ্চ উপস্থাপনা নিষিদ্ধ। ইরানে হিজাব ছাড়া প্রকাশ্যে বেরনোর পাশাপাশি মহিলাদের গান গাওয়াও নিষিদ্ধ। এইসব নিয়মের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে এসেছেন আহমদি। দেশের একটি ঐতিহ্যবাহী সরাইখানায় তাঁর এই অনুষ্ঠানটি দর্শকহীনভাবে শ্যুট করা হয়েছে। কনসার্টের শুরুতেই আহমদি বলেছিলেন, দেশের হয়ে গান গাইতে ভালোবাসেন। কিন্তু তাঁকে চুপ করিয়ে রাখতে চায় দেশের প্রশাসন।
ইরানি প্রশাসন জানিয়েছে, দেশের আইন ভঙ্গ করার অপরাধে আহমদি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
