
আমেরিকা এবং ইরানের মধ্যে কোনও শান্তি আলোচনা আদৌ হবে কি না, তা এখনও অনিশ্চিত। এরই মধ্যে পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গায় মার্কিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলার হুমকি দিয়েছে ইরান।
এর আগে মার্কিন-ইজরায়েলি হানায় ইরানের দু’টি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তোলে তেহরান। এ বার প্রত্যাঘাতের হুমকি দিয়ে রাখল ইরান। ইরানের রিভলিউশনারি গার্ড জানিয়েছে, আমেরিকা যদি চায় পশ্চিম এশিয়ায় তাদের বিশ্ববিদ্যালয়গুলি নিরাপদ থাকুক, তবে তাদের ইরানি বিশ্ববিদ্যালয়গুলিতে হামলার নিন্দা জানাতে হবে।
এর জন্য সময়সীমাও বেঁধে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তারা জানিয়েছে, সোমবার, ৩০ মার্চ দুপুর ১২টা তেহরানের সময় অনুযায়ী-র মধ্যে বিবৃতি প্রকাশ করে নিন্দা জানাতে হবে আমেরিকাকে। পশ্চিম এশিয়ায় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস থেকে সকলকে এক কিলোমিটার দূরে সরে যাওয়ারও পরামর্শ দিয়েছে ইরানি বাহিনী।
