
ইরানকে আবারও কঠোর ভাষায় সতর্ক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, তেহরানকে, আমেরিকার সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, না হলে সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়তে হবে।
চীনে সফররত অবস্থায় মার্কিন এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেছেন, তারা চুক্তি করবে, না হলে তাদের ধ্বংস হয়ে যেতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান তাদের কিছু অস্ত্র, বিশেষ করে ক্ষেপণাস্ত্র, ভূগর্ভস্থ জায়গা থেকে সরিয়ে নিয়েছে, এবং আমেরিকা তাদের এই সামরিক প্রস্তুতির বিষয়ে ভালোভাবেই জানে। তিনি আরও মন্তব্য করেছেন, প্রয়োজন হলে এসব সামরিক সক্ষমতা খুব দ্রুত ধ্বংস করা সম্ভব।
তবে একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্ব নিয়ে কিছুটা ভিন্ন সুরও দিয়েছেন। তার মতে, নতুন কিছু কর্তা আগের তুলনায় বেশি যুক্তিসঙ্গত ও বুদ্ধিমান। তিনি বলেছেন, বর্তমান নেতৃত্বের একটি অংশ আগের কর্মকর্তাদের তুলনায় আলোচনায় বেশি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার দরকার আছে কি না, এ প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এটি নিরাপত্তার চেয়ে জনমতের সঙ্গে বেশি সম্পর্কিত হতে পারে। তিনি দাবি করেছেন, এই বিষয়টি সামনে আনার উদ্যোগ তিনিই প্রথম নিয়েছিলেন।








