
ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির দু’ দিন পর চীন সফরে গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। দু’ দিনের সফরে সাংহাই সহযোগিতা সংস্থার,এসসিও-র প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এবং চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাথে দেখা ও আলোচনা করতে চীন সফর করছেন তিনি।চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে,এমন এক সময়ে তার এই সফর হচ্ছে, যখন ইরানের সামরিক ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সমালোচনা বাড়ছে।ইসরায়েলি আক্রমণের প্রথম ঘণ্টায় দেশটি কীভাবে সহজেই তার আকাশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল তা নিয়ে প্রশ্ন উঠছে।উল্লেখ্য,চীনের সাথে যৌথ মহড়া পরিচালনাকারী ইরান ২০২৩ সালে এসসিওতে যোগ দেয়। চীনের নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লকে বেলারুশ, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানও সদস্য।অন্যদিকে,মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং ইউরোপে ন্যাটো দেশগুলির একটি শীর্ষ সম্মেলনের পটভূমিতে চীন,দেশটির সমুদ্রতীরবর্তী শহর কিংডাওতে ইরান ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছে।যেখানে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে তারা।
বেজিং দীর্ঘদিন ধরে ১০ সদস্যের সাংহাই সহযোগিতা সংস্থা ,এসসিও-কে পশ্চিমী দেশগুলোর নেতৃত্বাধীন শক্তি ব্লকগুলির প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে আসছে।যেখানে রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য এবং বিজ্ঞানে সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য জোর দেওয়া হচ্ছে।সংগঠনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের কিংডাও বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে ১২ দিনের দীর্ঘ লড়াইয়ের পর নতুন করে যুদ্ধবিরতি চলছে।








