ইরান যুদ্ধে দুর্মূল্য সোনা, বাড়ছে রুপো

0
79
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা বাজতেই অস্থির বিশ্ব বাজার। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে সোনা-রুপোর দাম দুর্মূল্য হতে চলেছে।পাশাপাশি শেয়ারবাজারেও এর বিরাট পতনের আশঙ্কা করা হচ্ছে।

রিপোর্ট বলছে, মধ্যপ্রাচ্যে ভয়ংকর যুদ্ধের জেরে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ১ মার্চ দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম  ১ লক্ষ ৬৮ হাজার ৮৬০ টাকা। কলকাতায় ১ লক্ষ ৬৮ হাজার ৭১০ টাকা। কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫৪ হাজার ৬৩০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামেও ব্যাপক বৃদ্ধি নজরে এসেছে। চলতি সপ্তাহে রুপোর দাম প্রায় ২০ হাজার টাকা বেড়েছে। রিপোর্ট বলছে, ১ মার্চ সকালে প্রতি কেজি রুপোর দাম ছিল ২ লক্ষ ৯৫ হাজার  টাকা।বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, এই পরিস্থিতিতে এখনই বিশেষ বদল হবে না। এমনিতেই গত সপ্তাহে সোনা-রুপোর দাম ঊর্ধ্বমুখী ছিল। তার উপর ইরান যুদ্ধ বাজারে ভয়ের পরিস্থিতি তৈরি করেছে। গুরুতর এই অবস্থায় নিরাপদ বিনিয়োগের জন্য সোনা-রুপোকেই প্রাধান্য দেবেন বিনিয়োগকারীরা। অন্যদিকে,সপ্তাহের প্রথম দিন বাজার খুলতেই সেনসেক্স পড়ে যায় দু ‘হাজার পয়েন্টেরও বেশি।

কেবল ভারত নয়, বিশ্বের সব প্রান্তের শেয়ার বাজারেরই বেহাল দশা ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার যুদ্ধের জেরে। সেই সঙ্গে পড়েছে টাকার দাম। যুদ্ধের সময়ে চড়চড়িয়ে বাড়ছে তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অন্তত একমাস ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাবে তাঁর দেশ। ততদিন পর্যন্ত শেয়ার বাজারে বিনিয়োগকারীরা লাভের মুখ দেখবেন না বলেই আশঙ্কা।