
হরমুজ প্রণালী ধরে যাওয়া সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজের উপর হামলা চালাল ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি সমঝোতা হওয়ার পর এই প্রথম হরমুজে কোনও জাহাজের উপর হামলা চালাল তেহরান।
জানা যাচ্ছে , বৃহস্পতিবার হরমুজ ধরে এগোচ্ছিল সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এভার লাভলি’। ওমানের দাহিট বন্দর থেকে ৭.৫ নটিক্যাল মাইল দূরে জাহাজটির উপর হামলা চালানো হয়।
আকাশপথে কোনও ভারী বস্তু নিক্ষেপ করে জাহাজটিকে নিশানা করা হয়। ইরানের হামলার কারণে জাহাজটির ক্ষতি হলেও কেউ হতাহত হননি। তবে শান্তিচুক্তির মধ্যেই ঠিক কি কারণে ফের এই হামলা তা এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনার আগেই ইরানের আধাসামরিক বাহিনীর তরফে রীতিমতো হুঁশিয়ারির সুরে জানানো হয়েছিল যে, তাদের অনুমতি না-নিয়ে কোনও জাহাজ হরমুজ অতিক্রম করবে না। ইরানের হামলার পরেই হরমুজে উদ্ধার অভিযান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও।
