
হরমুজ প্রণালীর কাছে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলার পর থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত আরও তীব্র হয়েছে। রবিবার গভীর রাত থেকে ইরানে ফের হামলা শুরু করেছে আমেরিকা। একের পর এক শহরে গোলাবর্ষণ চলছে।
অভিযোগ, হরমুজ প্রণালী থেকে দূরে অবস্থিত সামরিক ঘাঁটিগুলিকেও নিশানা করা হচ্ছে। এর জবাবে পশ্চিম এশিয়ায় আমেরিকার বন্ধু দেশগুলিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হামলাও শুরু হয়েছে একাধিক দেশে। বাহরিনে সোমবার ভোর থেকে সাইরেন বাজছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রাত আড়াইটে থেকে ইরানে নতুন করে হামলা শুরু হয়েছে।
হরমুজ প্রণালী দিয়ে অবাধে যাতায়াতকারী জাহাজগুলির উপর যাতে ইরান আর হামলা চালাতে না-পারে, সেই লক্ষ্যে তাদের দুর্বল করার জন্যই অভিযান চলছে। এর জবাবে ইরানের বিদেশ মন্ত্রক পাল্টা একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য আমেরিকা যে যে দেশের ভূখণ্ড ব্যবহার করবে, সেই সেই দেশকে ইরান নিশানা করবে। আত্মরক্ষামূলক হামলা চালানো হবে ওই সমস্ত দেশে। তার জন্য আগে থেকেই সাবধান করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রপুঞ্জকেও বার্তা দিয়েছে তেহরান।
