ঘরের মাঠে স্পেনকে রুখে দিল ইরাক

0
21
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

আসন্ন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছিল ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল স্পেন। তবে ঘরের মাঠে সমর্থকদের সামনে জয়ের হাসি হাসতে পারেনি তারা।

চমক দেখিয়ে স্পেনকে ১-১ গোলে রুখে দিয়েছে ইরাক।ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ ও সুযোগ সৃষ্টিতে স্পেনের একচ্ছত্র আধিপত্য থাকলেও ফলাফলে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। উল্টো সীমিত সুযোগ কাজে লাগিয়ে মূল্যবান ড্র নিয়েই মাঠ ছেড়েছে ইরাকি ফুটবলাররা।শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ইরাকের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়ে অবশেষে ১৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্পেন। দানি ওলমোর নিখুঁত পাস থেকে সহজ ফিনিশে দলকে এগিয়ে দেন ফেররান তোরেস।তবে পিছিয়ে পড়ার পর ভেঙে পড়েনি ইরাক। বরং সংগঠিত ফুটবল খেলে দ্রুত ম্যাচে ফিরে আসে তারা। ২৭ মিনিটে আকাম হাসিমের বাড়ানো বল থেকে গোল করে সমতা ফেরান মেরকাস দোস্কি। এরপর প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।বিরতির পর জয়ের লক্ষ্যে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। অন্যদিকে মাত্র ৩৭ শতাংশ বলের দখল নিয়েও কার্যকর ফুটবল খেলেছে ইরাক। ম্যাচে তারা মাত্র দুটি শট নেয়, যার একটি ছিল লক্ষ্যে। আর সেই সুযোগ থেকেই আসে সমতাসূচক গোল।

শেষ পর্যন্ত স্পেনের সব প্রচেষ্টা ব্যর্থ করে দৃঢ় রক্ষণে ম্যাচটি ১-১ গোলে ড্র করে ইরাক। বিশ্বকাপের আগে এই ফলাফল স্পেনের জন্য সতর্কবার্তা হলেও আত্মবিশ্বাস বাড়াবে ইরাককে।