ডিএ কি মৌলিক অধিকার? জানতে চাইল সুপ্রিম কোর্ট 

0
90
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ডিএ কি রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার এই বিষয়ে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে মঙ্গলবার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার বলে সর্বোচ্চ আদালতে দাবি করেছেন রাজ্যের সরকারি কর্মীদের আইনজীবী। পাল্টা রাজ্য সরকারের আইনজীবী জানান, ডিএ রাজ্যের সরকারি কর্মীদের আইনি অধিকার নয়।
রাজ্যের আর্থিক অবস্থার উপর বিষয়টি নির্ভরশীল। কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ দেয়, সেই হারেই রাজ্যকেই ডিএ দিতে হবে, এমনটা নিয়ম নয় বলে জানান রাজ্যের আইনজীবী। সোমবারই ডিএ মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তা পিছিয়ে মঙ্গলবার থেকে শুনানি শুরু হয়েছে। রাজ্য সরকারই সব ঠিক করবে। রাজ্যের আর্থিক পরিস্থিতি কী, রাজ্যে কোন কোন বিষয় প্রাধান্য পায়, তার উপরই ডিএ -র হার ঠিক করে রাজ্য সরকার। কেন্দ্রের হারে ডিএ দিতে হবে বলে দাবি করতে পারেন না রাজ্য সরকারের কর্মচারীরা। রাজ্যকে বাধ্য করতে পারেন না। এমন কোনও আইনে বলা নেই যে, কেন্দ্রের হারে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে। মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন পরিস্থিতিতে রাজ্য সরকার বিভিন্ন হারে ডিএ দেয়, যা মেনে নেওয়া উচিত রাজ্যের সরকারি কর্মচারীদের।
রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে কপিল সিব্বল বলেছেন, বিভিন্ন রাজ্যে ডিএ -র হার আলাদা। ১৩টি রাজ্য এমন রয়েছে, যারা কেন্দ্রের হার না মেনে, নিজেদের পরিস্থিতি অনুযায়ী ডিএ -র হার নির্ধারণ করে। সেই নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারও নিজেদের সাধ্য মতো ডিএ দিচ্ছে। মূল মামলা শুনে তবেই রায় দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।