
ধুরন্ধর টু নিয়ে চর্চার অন্ত নেই। বক্স অফিস, বেডরুম থেকে নেটপাড়া সবই ধুরন্ধর’ময়। সিনেমার প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আঁতসকাচে রেখে পরখ করছে দর্শকমহল।
এর মধ্যে প্রোপাগান্ডা তকমায় কাটাছেঁড়া হচ্ছে রণবীর সিং অভিনীত সিনেমা। ধুরন্ধর টু-কে প্রোপাগান্ডা ছবি বলে দাবি করেছেন ইউটিউবার-সহ অনেকেই। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আসতে চলেছে ধুরন্ধর থ্রি। আগামী জুনেই নাকি ফের হামজা ঝড় বইবে পর্দায়।আসলে ছবির একেবারে শেষে পর্দায় ফুটে উঠতে দেখা গিয়েছে, ধুরন্ধর দ্য ফাইনাল চ্যাপটার ১৪ জুন, ২০২৬। আর সে কারণেই অনেকে ভাবছেন হয়তো রণবীর সিংয়ের এই ছবির সিক্যুয়েল আসতে চলেছে।অনেকেই আবার, ওই অংশের ছবি তুলে শেয়ার করছেন। সবমিলিয়ে ছবির ,এন্ড ক্রেডিট সোশাল মিডিয়ায় ভাইরাল। আবার অনেকে এন্ড ক্রেডিট নিয়ে মাথা ঘামাতে নারাজ। তাঁদের দাবি, ধুরন্ধর টু হয়েই হামজা ঝড় থামবে। ধুরন্ধর থ্রি আদৌ সত্যি আসছে কিনা, সে বিষয়ে পরিচালক আদিত্য ধর কিংবা ধুরন্ধর টু ছবির টিমের কারও তরফ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। সুতরাং আপাতত ধুরন্ধর থ্রি নিয়ে এখনই উত্তেজিত হওয়ার কোনও কারণ নেই বলে মতে সিনে বিশ্লেষকদের। এর মধ্যে ১৮ মার্চ দেশজুড়ে মোট ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ,ধুরন্ধর দ্য রিভেঞ্জ। ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। বক্স অফিসে যেন ঝড় উঠেছে। ক্রমশ বাড়ছে ছবির আয়। ধুরন্ধর দ্য রিভেঞ্জ ভারতের সিনেইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়কারী হিসেবে শীর্ষস্থানে থাকা দক্ষিণী সিনেমাগুলিকে বড় অঙ্কের ব্যবধানে টেক্কা দিয়েছে।
সেই তালিকায় পুষ্পা ২ দ্য রুল ১৬৪.২৫ কোটি টাকা, আরআরআর ১৩৩ কোটি টাকা, বাহুবলী ২: দ্য কনক্লুশন ১২১ কোটি টাকা এবং কেজিএফ টু ,১১৬ কোটি টাকা-এর মতো তাবড় সিনেমাগুলি রয়েছে। সুতরাং রণবীর সিংয়ের মন্দা কেরিয়ারের শাপমোচন হয়েছে, তা বলাই বাহুল্য।
