
বিধানসভার লবিতে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে কথা বলে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে বৈঠক করেছেন কলকাতা বন্দরে বিধায়ক ফিরহাদ হাকিম। আর এরপরই তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে।বিধানসভায় ফিরহাদের গাড়ি ঢোকার পর দেখা গেল পিছনে আরও একটি গাড়ি ঢুকছে।
সেই গাড়িতে ছিলেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। গাড়ি থেকে নেমে ফিরহাদের কাছে এগিয়ে গেলেন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক সন্দীপন। ফিরহাদকে বলেছেন, চলো। ফিরহাদও তাঁর সঙ্গে এগিয়ে গেলেন। সেইসময় দেখা গেল, বিধানসভার লবিতে দাঁড়িয়ে কুণাল ঘোষ। বেলেঘাটার বিধায়ককে দেখে দাঁড়ালেন ফিরহাদ। তাঁর সঙ্গে কথা বললেন। সেইসময় দেখা গিয়েছে, তৃণমূলের আর এক বিক্ষুব্ধ বিধায়ক জাভেদ খান সন্দীপনের সঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরের দিকে গিয়েছেন।
আর এরপরই সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁদের বিদ্রোহী ব্লকে এখন বিধায়কের সংখ্যা বেড়ে ৬৫। যদিও, আগেই ৬৪ জনের নাম সবার কাছে জানা থাকলেও, নতুন ১ জন কে যুক্ত হয়েছেন, তাঁর নাম বলতে চাননি তিনি।
