
সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম শিঘ্রই টিভির পর্দা দখল নিতে চলেছে। মেটা তাদের ভিডিও কনটেন্ট আরও সম্প্রসারণের অংশ হিসেবে ইনস্টাগ্রামের জন্য একটি নির্দিষ্ট টিভি অ্যাপ চালু করার পরিকল্পনা করছে।
স্ক্রিনটাইম কনফারেন্সে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মসেরি এ পরিকল্পনার কথা প্রকাশ করেছেন।এই নতুন অ্যাপের মাধ্যমে রিলসের মত ভার্টিকাল ভিডিও এখন টিভিতেও দেখা যাবে। অর্থাৎ এবার ইউজাররা তাদের সোফায় বসে টিভির বড় পর্দায় স্ক্রল করে রিল দেখতে পারবেন যেভাবে এখন ফোনে দেখা হয়।মসেরি বলেছেন, যদি দর্শকরা সোশ্যাল মিডিয়ার কনটেন্ট টিভিতে দেখতে শুরু করেন তাহলে ইনস্টাগ্রামও চায় সব প্রাসঙ্গিক ডিভাইসে আকর্ষণীয়ভাবে উপস্থিত হতে। এ সময় তিনি এটা কয়েক বছর আগেই শুরু না করায় আক্ষেপ করেন।তবে এই টিভি অ্যাপের মাধ্যমে নেটফ্লিক্সের মতো এক্সক্লুসিভ কনটেন্ট বা স্পোর্টস শো দেখা যাবে না।ইনস্টাগ্রাম এখনই কোনো স্পোর্টস শো বা হলিউড কনটেন্ট কেনার পরিকল্পনা করছে না বরং তাদের মূল লক্ষ্য থাকবে ইউজারদের তৈরি ভিডিও কনটেন্টের দিকেই।এই টিভি অ্যাপই হতে পারে ইনস্টাগ্রামের জন্য ইউটিউব ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতার নতুন অস্ত্র।
টেলিভিশনের জগতে এতদিন ধরে ইউটিউবই ছিল একচ্ছত্র আধিপত্যকারী কিন্তু ইনস্টাগ্রামের এই পদক্ষেপ হয়তো সেই একচেটিয়া অবস্থান নড়বড়ে করতে পারে।
