
অনেকেই প্রকৃতি, পরিবেশ ও পৃথিবীর কথা ভাবেন,সে অনুসারে খাবারের অভ্যাসও তৈরি করেন তারা।পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় পৃথিবী থেকে কতটুকু মাংস খেতে পারেন সে পরিমাণ এবার বলে দিলেন গবেষকরা।তারা বলছেন,পরিবেশ ও প্রকৃতির ক্ষতি না করে সপ্তাহে প্রায় দু’শো ৫৫ গ্রাম মুরগির মাংস খেতে পারেন, যা তুলনায় প্রায় দুটো ছোট মুরগির বুকের বা ব্রেস্টের মাংসের সমান।
গবেষণাটি করেছেন টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক বা ডিটিইউ-এর গবেষকরা। এতে উঠে এসেছে, গরুর মাংস বা ভেড়ার মাংসের মতো অল্প পরিমাণে লাল মাংসও পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে।এ গবেষণার প্রধান গবেষক ও ডিটিইউ-এর পরিবেশ ও সম্পদ বিভাগের গবেষক ক্যারোলিন এইচ গেবারা বলেছেন,তাদের হিসাব অনুসারে মাঝারি মাত্রার মাংস খাওয়াও পরিবেশের পক্ষে স্থায়ী নয়। কারণ,পৃথিবীর প্রাকৃতিক সম্পদ যতটুকু নতুন করে তৈরি হতে পারে তার থেকেও বেশি ব্যবহার হয়ে গিয়েছে। আর পৃথিবীর পক্ষে এই চাহিদা পূরণ করে টিকে থাকা সম্ভব নয়।তবে এখনও অনেক স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব খাবার রয়েছে, যার মধ্যে আছে কিছু মাংসও।
যেমন, হাঁস বা মুরগি।এ গবেষণার মূল উদ্দেশ্য এটা বোঝা যে, পুরো পৃথিবীর মানুষকে এমনভাবে খাবার দেওয়া সম্ভব কি না, যেখানে পৃথিবীর সীমিত সম্পদ যেমন জমি, জল ও পরিবেশে কার্বন নিঃসরণ যেন মাত্রা ছাড়িয়ে না যায়।গবেষকরা বলছেন, এর উত্তরটি হ্যাঁ। তবে এজন্য গোটা বিশ্বে নীতিগত পর্যায় ও মানুষের দৈনন্দিন খাবারের পছন্দ এই দুটি ক্ষেত্রেই বড় পরিবর্তন আনা প্রয়োজন।








