
লেবাননের বেইরুট-সহ বেশ কয়েকটি জায়গায় বৃহস্পতিবার বিধ্বংসী হামলা চালিয়েছে ইজরায়েল। ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই হামলায় হিজবুল্লা গোষ্ঠীর প্রধান নইম কাশেম নিহত হয়েছেন। যদিও হিজবুল্লার তরফে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
হিজবুল্লা যদি কাশেমের মৃত্যুর খবর নিশ্চিত করে তা হলে তা ওই সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের কাছে আরও একটি বড় ধাক্কা হবে। এর আগে, ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা জানিয়েছিল যে, আমেরিকা-ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা ইজরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছে।
হিজবুল্লা বলেছে, লেবানন জুড়ে ইজরায়েলি হামলার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লা জানায়, শত্রুর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে বৃহস্পতিবার ভোরে তারা লেবানন সীমান্তের কাছে অবস্থিত ইজরায়েলি কিবুটজ মানারাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।





