
তীব্র তহবিল সংকটের মুখে বিশ্বজুড়ে ১১টি শান্তি মিশনে নিয়োজিত শান্তিরক্ষী বাহিনীর এক-চতুর্থাংশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রসংঘ।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে। বিশেষত,আমেরিকার কাছ থেকে ভবিষ্যৎ তহবিল অনিশ্চিত হয়ে পড়ায় এই কাটছাঁট করতে হচ্ছে।সবমিলিয়ে মোট শান্তিরক্ষী সেনা ও পুলিশের প্রায় ২৫ শতাংশ সদস্যকে তাদের সরঞ্জামাদিসহ নিজেদের দেশে ফেরত পাঠাতে হবে। এর পাশাপাশি মিশনগুলোতে কর্মরত বিপুল সংখ্যক অসামরিক কর্মীও এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন।এই কাটছাঁটের ফলে প্রায় ১৩ হাজার থেকে ১৪ হাজার সেনা ও পুলিশ সদস্যকে ফিরিয়ে আনা হবে।উল্লেখ্য, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা তহবিলের সবচেয়ে বড় জোগানদাতা আমেরিকা। যারা মোট তহবিলের ২৬ শতাংশের বেশি প্রদান করে থাকে।এরপরই রয়েছে চীন, যারা প্রায় ২৪ শতাংশ অর্থ প্রদান করে। এই অর্থ প্রদান বাধ্যতামূলক।
ওদিকে নতুন আর্থিক বছর জুলাই শুরু হওয়ার আগেই আমেরিকার কাছে বকেয়ার পরিমাণ ছিল ১.৫ বিলিয়ন ডলার। এখন এর সাথে আরও ১.৩ বিলিয়ন ডলার যুক্ত হওয়ায় তাদের মোট বকেয়া বেড়ে ২.৮ বিলিয়ন ডলারেরও বেশি হয়েছে।
