আইএসআই-লস্কর ছকেই পহেলগাঁওকাণ্ড 

0
126
ছবি সৌজন্যে : এক্স
পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং লস্কর-ই-তৈবার জঙ্গিগোষ্ঠীর যোগসাজশেই পহেলগাঁও হামলা চালানো হয়। এনআইএ প্রাথমিক রিপোর্টে অন্তত তেমনই ইঙ্গিত করা হয়েছে বলে সূত্রের খবর।
শুধু তাই নয়, এই হামলার ছক কষা হয়েছিল পাকিস্তানে লস্করের সদর দফতরে বসেই। এনআইএ সূত্রের খবর, হামলার দায়িত্ব দেওয়া হয় হাশিম মুসা ওরফে সুলেইমান এবং আলি ভাই ওরফে তলহা ভাই নামে পাকিস্তানী দুই জঙ্গিকে। এই ঘটনায় জড়িত সন্দেহে যাদের আটক করা হয়েছে, তাদের জেরা করে এমনও ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, এই দুই জঙ্গি পাক হ্যান্ডলার’দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। শুধু তা-ই নয়, কোন সময়ে কোথায় যেতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে, কারা সহযোগিতা করবে— সব কিছু নির্দেশ এসেছিল পাকিস্তান থেকে। সূত্রের খবর, হামলার কয়েক সপ্তাহ আগে ভারতে অনুপ্রবেশ করেছিল জঙ্গিরা। তার পর কাশ্মীরে সক্রিয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার’রা জঙ্গিদের আশ্রয়, খাবার এবং রাস্তা চিনতে সহযোগিতা করেছিল। সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট ২৮০০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ।
১৫০ জন সন্দেহভাজনকে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থাটি। ২২ এপ্রিল বৈসরনে জঙ্গি হামলা হয়। সেই হামলায় ২৫ ভারতীয় এবং নেপালের এক নাগরিকের মৃত্যু হয়।