
ইরাকে আবদুল্লাহ মাক্কি মুসলিহ আল-রুফায়ি ওরফে আবু খাদিজা, নাইজিরিয়ায় আবু-বিলাল আল-মিনুকির পরে এ বার সিরিয়ায় আলি হুসেন আল-উলাইউই। মার্কিন সেনার হামলায় নিহত হয়েছেন সন্ত্রাসবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের আরও এক প্রথম সারির নেতা।
পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ জুন উত্তর-পশ্চিম সিরিয়ায় বিমান হামলা চালানো হয়। তুরস্ক সীমান্তের কাছে দেইর হাসান গ্রামের অদূরে বিমানহানায় আল-উলাইউই নিহত হন।
নিহত আইএস কমান্ডার একটি মোটরবাইকে সওয়ার ছিলেন বলে স্থানীয় সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, আমেরিকা তার প্রভাবধীন অঞ্চল এবং বন্ধুদের রক্ষা করছে বদ্ধপরিকর। পশ্চিম এশিয়ার কিছু অংশে এখনও আইএস সন্ত্রাসবাদীরা সক্রিয়। তাদের নির্মূল করা হবে।
