
আমেরিকা ও নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের,আইএস-র বিশ্বের দ্বিতীয় শীর্ষ নেতা আবু বিলাল আল মিনুকি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই দাবি করেছেন।
সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্প বলেছেন, আফ্রিকায় পরিচালিত অত্যন্ত জটিল এক অভিযানে এই জঙ্গি নেতাকে হত্যা করা হয়েছে। তিনি আবু-বিলাল আল-মিনুকিকে বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীদের একজন বলেও উল্লেখ করেছেন। বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, মিনুকি আফ্রিকায় আত্মগোপনে ছিলেন এবং আমেরিকার গোয়েন্দা সূত্র দীর্ঘদিন ধরে তার গতিবিধি নজরদারিতে রেখেছিল।
পরে আমেরিকা ও নাইজেরিয়ার বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাকে হত্যা করে। বলা হয়েছে, আবু-বিলাল আল-মিনুকি নাইজেরিয়ার বর্নো অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকা শাখা আইএসডব্লিউএপিয়ের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং ২০২৩ সালে আমেরিকা তাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ তালিকাভুক্ত করে। মার্কিন প্রশাসনের দাবি, মিনুকি আমেরিকা ও পশ্চিমী স্বার্থের বিরুদ্ধে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। তবে অভিযানটি কোথায় বা কীভাবে পরিচালিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।








