
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা কামনায় রবিবার বিশ্ব জুড়ে শান্তিপ্রার্থনা এবং কীর্তনের আয়োজন করেছে ইসকন। ভারত, বাংলাদেশ-সহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার বিভিন্ন প্রান্তে ইসকনের মন্দির রয়েছে।
ভক্তদের নিকটবর্তী মন্দিরে শান্তি প্রার্থনায় শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইসকন। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি ইসকনের প্রাক্তন সদস্য চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। খারিজ হয়েছে জামিনের আবেদন। চিন্ময়ের গ্রেফতারির পর থেকে প্রতিবাদের স্বর আরও জোরালো হয়েছে।
এই আবহে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য রবিবার দেশে দেশে শান্তিপ্রার্থনা এবং কীর্তনের আয়োজন করছে ইসকন।
