
তেহরানে বাড়িতে ঢুকে খুন করা হয়েছে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। বিবৃতি দিয়ে এমন দাবি করেছে স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস।
তাঁর দেহরক্ষীকেও গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ডও হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে। হামাসের বিবৃতিতে দাবি করা হয়েছে, বুধবার ভোরে হানিয়ার ডেরায় হামলা চালানো হয়েছিল। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত নয়। তবে হামাসের দাবি, ইজরায়েলই হানিয়ার মৃত্যুর জন্য দায়ী। যদিও এ ব্যাপারে ইজরায়েল সরকারের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। হামাস এবং ইরান সেনার বিবৃতিতে দাবি করা হয়েছে, জিওনিস্ট’রা হানিয়ার বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে তারা।উল্লেখ্য, ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতেই তেহরান গিয়েছিলেন হানিয়া। অতীতে হানিয়ার পরিবারের একাধিক সদস্যকে হত্যার অভিযোগ উঠেছিল ইজ়রায়েল সেনার বিরুদ্ধে। চলতি বছরের জুন মাসেই উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবিরের পাশে হানিয়ার পরিবারের বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তারা। সেই হামলায় হানিয়ার পরিবারের ১০ সদস্যের মৃত্যু হয়েছিল। ইজ়রায়েলি সেনার হামলায় তাঁর তিন পুত্রের মৃত্যু হয়েছিল। তার আগে হানিয়ার ভাই এবং ভাইপোও গাজ়ায় ইজ়রায়েলি হামলার বলি হয়েছিলেন।
