
গাজার কেন্দ্রীয় অংশে জলের জার ভরতে লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন প্যালেস্টাইনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬ শিশু রয়েছে।
আহত হয়েছে আরো ১৬ জন, যাদের মধ্যে ৭ শিশু রয়েছে।আল-নুসেইরাত শরণার্থী শিবিরে এ হামলা হয় বলে জানিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের মরদেহ আল-আউদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আহতদের সেখানেই চিকিৎসা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি জলের ট্যাংকারের পাশে খালি জার নিয়ে লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ইসরায়েলি ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।এদিকে ইসরায়েলি সেনাবাহিনী,আইডিএফ স্বীকার করেছে, তারা ইসলামিক জিহাদের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালাচ্ছিল, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে গোলাটি লক্ষ্যের চেয়ে বহু মিটার দূরে গিয়ে পড়ে। তারা আরো জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং তারা অসামরিক মানুষের ক্ষতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে থাকে।
এদিকে,হামলার পরের মুহূর্তের একটি ভিডিও সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে, শিশুরা আহত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় সময় সকালে আল-নুসেইরাত জুনিয়র হাই স্কুল থেকে ৮০ মিটার দক্ষিণ-পশ্চিমে একটি সড়কে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
