
ইরানের পারমাণবিক এবং সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। আত্মরক্ষার পদক্ষেপ হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ। ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনী রেভলিউশনারি গার্ড-র কমান্ডার হোসেন সালামির।
এছাড়াও ইরানে দু জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে ইজরায়েলি হানায় বলে জানা যাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, তেহরানের দক্ষিণ নাতাঞ্জ শহর, উত্তর-পশ্চিমে তাবরিজ শহর, দক্ষিণে ইসফাহান শহর, দক্ষিণ-পশ্চিমে আরাক শহর এবং তেহরানের পশ্চিমে কেরমানশাহ শহরেই মূলত হামলায় চালিয়েছে ইজরায়েল।
এদিকে ইজরায়েলের প্রাণঘাতী হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে দাবি করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুলফজল শেখারচি বলেছেন, ইজরায়েলকে তার হামলার চড়া মূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।







