
ইরানের নতুন সর্বোচ্চ নেতা তথা নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজ়তবা খামেনেই কি আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় আহত হয়েছেন, তেহরানে দুই দেশের লাগাতার হামলার পরই নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।
সামরিক সংঘাতের মধ্যেই ইজ়রায়েল হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা যাঁকেই নির্বাচিত করা হোক না কেন, তাঁদের রেয়াত করা হবে না। তেহরানে জোরালো হামলা শুরু হতেই তাই খবর ছড়াতে শুরু করেছে,মোজ়তবা খামেনেই ইজ়রায়েল-আমেরিকার হামলায় আহত হয়েছেন।তবে বুধবার সেই সব দাবিকে খণ্ডন করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়কশিয়ানের পুত্র ইউসুফ পেজ়েকশিয়ান জানিয়েছেন,দেশের নতুন সর্বোচ্চ নেতা নিরাপদে আছে এবং সুস্থ আছেন।প্রসঙ্গত, ইরান প্রশাসনের উপদেষ্টা ইউসুফ।
মোজ়তবাকে নিয়ে যখন চার দিকে নানা খবর ঘুরে বেড়াচ্ছে, সেই সময় টেলিগ্রামে ইরানের প্রেসিডেন্ট-পুত্র দাবি করেছেন, মোজ়তবা খামেনেই আহত হয়েছেন, এই খবরটা তাঁর কানে আসায় ঘনিষ্ঠ কয়েক জনের কাছে খবর নেন। তাঁরা ইউসুফ পেজ়েকশিয়ানকে জানিয়েছেন, মোজ়তবা সুস্থ এবং সুরক্ষিতই আছেন।




