
জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ইসরায়েলের ভূমি দাবি করে এই অঞ্চলকে ইসরায়েলই নিয়ন্ত্রণ করবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেছেন, গাজা উপত্যকার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এই উপত্যকা নিয়ন্ত্রণের জন্য যা কিছু দরকার তা সবটুকু করা হবে।মূলত কয়েকটি প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন নেতানিয়াহু। বলেছেন, তিনি বা তার দেশ কোনওভাবেই প্যালেস্টাইন রাষ্ট্রের অনুমোদন দেবে না।এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, শুনেছেন, তিনি নাকি গাজায় একটি প্যালেস্টাইনি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেবেন, কিন্তু কখনও তা হবে না। ভবিষ্যতেও কখনও এমনটি ঘটবে না। নেতানিয়াহু বলেছেন, এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও নিরাপত্তা স্বার্থের প্রতিফলন এবং এই অবস্থান অপরিবর্তিত থাকবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাওয়া গাজায় থাকা হামাস যোদ্ধাদের নিরস্ত্র করা এবং উপত্যকাটিকে সামরিকভাবে মুক্ত করা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি দখল করতে শক্তি প্রয়োগ করতে হয়, তবে তিনি সর্বোচ্চটা ব্যবহার করবেন। হামাসের অস্ত্রভাণ্ডার ধ্বংস ও ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়ার কথাও বলেছেন তিনি। একইসঙ্গে নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, এসব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় কোনও পুনর্গঠন কাজের অনুমতি দেওয়া হবে না।
