
এবার হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহর উত্তরসূরীকেও খতম করেছে ইজরায়েল। এমনটাই দাবি করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এক ভিডিয়ো বার্তায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, তারা হিজবুল্লার ক্ষমতা হ্রাস করছেন। হাজার হাজার জঙ্গিকে নিকেশ করেছেন। হিজবুল্লা প্রধান নাসরাল্লাহ, তাঁর উত্তরসূরী এবং উত্তরসূরীর বিকল্পকেও খতম করেছে ইজরায়েল। নাসরাল্লাহ-র বিকল্প হিসাবে কাকে নিশানা করে খতম করেছে ইজরায়েল, সে বিষয়ে কোনও মন্তব্য না করলেও লেবাননবাসীর উদ্দেশে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লার হাত থেকে নিজেদের মুক্ত করতে হবে।ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।ইজরায়েলের প্রধানমন্ত্রীর দাবি, হিজবুল্লা আগের থেকে অনেক দুর্বল এখন। এটাই সঠিক সময় তাদের দেশ থেকে তাড়ানোর। লেবাননবাসী এই সুযোগ হাতছাড়া করলে, চরম মূল্য চোকাতে হবে বলেও সতর্ক করেন তিনি। জনবহুল জায়গায় আশ্রয় নিয়ে হিজবুল্লা ইজরায়েলের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করবে, যার ফলে সাধারণ মানুষের প্রাণ যাবে বলেই হুঁশিয়ারি দেন বেঞ্জামিন নেতানিয়াহু।
