
ইরানে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে আমেরিকা সামরিক বা কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করতে পারে এমন খবরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক দিনে একাধিকবার ইরানের পরিস্থিতি নিয়ে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি ইরানের শাসকদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ থেকে বিরত থাকার সতর্কবার্তাও দিয়েছেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এর মধ্যে বলেছেন, আমেরিকা সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে উপস্থিত থাকা সূত্রগুলো জানিয়েছে, সর্বোচ্চ সতর্কতা বলতে বাস্তবে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধে আমেরিকা, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বিমান হামলায় অংশ নিয়েছিল। এই প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখা হচ্ছে।
এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে একটি ইসরায়েলি সূত্র। আলোচনায় উপস্থিত থাকা ওই সূত্রের দাবি, দু’ দেশের শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তবে ইসরায়েল এখনো প্রকাশ্যে ইরানে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দেয়নি।








