
আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষবিরতিচুক্তি স্বাক্ষর করেছে ইজরায়েল এবং লেবানন। হিজবুল্লার সঙ্গে ইজরায়েলি সশস্ত্র বাহিনীর সংঘাত থামানোর বিষয়ে লিখিত ভাবে দুই দেশ সম্মত হয়েছে। আমেরিকার সঙ্গে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে।
তবে এতে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাকে কতটা দমানো যাবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, হিজবুল্লা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তারা চুক্তির বাস্তবায়নে কোনও সহায়তা করবে না।
২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছিল। তার পর থেকেই আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দেয় হিজবুল্লা। দেশ রক্ষার প্রয়োজনে লেবাননের ভূখণ্ড ব্যবহার করে ইজরায়েল এই গোষ্ঠীর সঙ্গে সংঘাত চালাতে থাকে। লেবাননে ঢুকে পড়ে ইজরায়েলি সেনা। তাদের হামলায় পশ্চিম এশিয়ার এই দেশে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদসংস্থা। হিজবুল্লার আক্রমণে ইজরায়েলের ৩২ জন সেনা আধিকারিক এবং চার নাগরিকও নিহত হয়েছেন।
