
এবার ইজরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে ৩২০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা।
হিজবুল্লার হামলার পাল্টা হামলার ছক কষছে ইজরায়েল সেনাও। হিজবুল্লা আক্রমণের পরই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।হিজবুল্লার বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই হামলার ষড়যন্ত্র ইজরায়েল। রবিবার ভোর থেকে সেই হামলা শুরু করেছে তারা। ইজরায়েল সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, রবিবার ভোর থেকে লেবাননকে লক্ষ্য করে পূর্বনির্ধারিত হামলা চালানো হচ্ছে। ইজরায়েল সামরিক বাহিনীর যুদ্ধবিমানগুলি চক্কর কাটতে শুরু করেছে লেবাননের আকাশে। হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে চলছে পর পর গোলাবর্ষণ। এহেন পরিস্থিতিতে একটি বিবৃতি জারি করে ইরান সমর্থিত জঙ্গি সংগঠনটি জানিয়েছে, ইজরায়েলে বড়সড় হামলার পরিকল্পনা করেছে তারা। ইজরায়েলের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৩২০টি কাতইউসা রকেট ছুড়েছে তারা। অন্যদিকে, আংশিকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে ইজরায়েলের বেন গুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
