পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল: নেতানিয়াহু

0
112
ছবি সৌজন্যে : এক্স

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। তার কথায়, শেষ পর্যন্ত গাজা উপত্যকা সম্পূর্ণরূপে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে এবং হামাস পরাজিত হবে।টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা বলেছেন। এ সময় নেতানিয়াহু মানবিক সংকট রোধ করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন।

পরে গাজায় সাহায্য সরবরাহের জন্য তিন-পর্যায়ের পরিকল্পনার কথা বলেছেন। এর মধ্যে রয়েছে উপত্যকায় মৌলিক সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া, ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা সুরক্ষিত মার্কিন কোম্পানিগুলোর দ্বারা খাদ্য বিতরণ পয়েন্ট খোলা এবং গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়ার পর অসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা।অন্যদিকে ইতিমধ্যে ইসরায়েলি সরকার গাজায় সামরিক অভিযান বন্ধ করতে এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে। যদিও এসব চাপ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু।ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই বলেছেন, হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের একটি স্পষ্ট এবং ন্যায্য লক্ষ্য রয়েছে।

ইসরায়েল শেষ পর্যন্ত এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।ইসরায়েলের কাজ এখনও শেষ হয়নি।এ সময় যুদ্ধবিরতি নিয়েও কথা বলেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজায় অন্তত ২০ জন ইসরায়েলি বন্দি অবশ্যই জীবিত রয়েছে। যদি পণবন্দীদের মুক্ত করার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির বিকল্প থাকে, তাহলে ইসরায়েল প্রস্তুত থাকবে।