
ইজরায়েলই জিতবে। ৭ অক্টোবরের স্মরণে আক্রমণের ঝাঁজ আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইজরায়েলের মাটিতে হামাসের হামলার বর্ষপূর্তির দিনে অতীত স্মরণ করিয়ে দেশের সেনাকে উজ্জীবিত করেছেন প্রধানমন্ত্রী।বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাঁরাই জিতবেন। গাজাতে জিতবেন, লেবাননেও জিতবেন। ইরানেও হামলার প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল। একইসঙ্গে দেশের সেনাবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন, শত্রুদের গুঁড়িয়ে দাও, একেবারে ধ্বংস করে দাও। এক বছর আগে ইজরায়েল ভয়ানক ধাক্কা খেয়েছিল। কিন্তু গত ১২ মাসে সেই ছবিটাকে তাঁরা সম্পূর্ণরূপে পালটে দিয়েছেন। অন্যদিকে, এই দিনকে আনন্দের সঙ্গে স্মরণ করতে দেখা গিয়েছে হামাসকে। ৭ অক্টোবরের হামলাকে গর্বের দিন বলে উল্লেখ করে হামাস জানিয়েছে, এই দিনটি প্যালেস্টাইনের নিরাপত্তায় এক ঐতিহাসিক দিন।উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অতর্কিতে হামলায় ইজরায়েলে মৃত্যু হয় ১২০০-র বেশি মানুষের।









