
এবার গাজায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের ১০ সদস্যকে হত্যা করেছে ইজরায়েল সেনা। উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবিরের পাশে ইসমাইল হানিয়ার পরিবারের বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় তাদের মৃত্যু হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত গাজা আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছেন।
ইজরায়েল সেনার হামলায় নিহতদের মধ্যে রয়েছেন স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বোন জাহিরা হানিয়াও। বুধবার গাজা কর্তৃপক্ষের জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বিমান হামলায় ১০ জন শহিদ হয়েছেন। কয়েকজনের দেহ এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে। সেগুলি বার করে আনার মতো সরঞ্জাম এবং পরিকাঠামো তাদের কাছে নেই।উদ্ধারকর্মীরা অন্য দেহগুলি গাজার আল-আহলি হাসপাতালে নিয়ে গিয়েছেন। প্রসঙ্গত, এপ্রিলে গাজা শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইজরায়েল সেনা। তাতে ইসমাইল হানিয়ার তিন পুত্র হাজেম, আমির ও মহাম্মদ ইসমাইল এবং তাঁর তিন নাতি-নাতনি নিহত হয়েছিলেন।







