
সিরিয়ার রাজধানী দামেস্কে রাষ্ট্রপতি প্রাসাদের নিকটবর্তী একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ তথ্য জানিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, এই হামলা সিরিয়ায় ইসরায়েলি অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। দক্ষিণ দামেস্কে সিরীয় বাহিনীর অবস্থান ইসরায়েল মেনে নেবে না এবং ড্রুজ সম্প্রদায়ের বিরুদ্ধে কোনও হুমকি সহ্য করবে না।
উল্লেখ্য,এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল। নেতানিয়াহু বলেন, এই পদক্ষেপ সুন্নি জঙ্গিদের সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িয়ে পড়া ড্রুজ সংখ্যালঘুদের রক্ষার প্রতিশ্রুতি রক্ষার অংশ।অন্যদিকে,ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, গাজা গণহত্যার প্রতিশোধ হিসেবে একটি ইসরায়েলি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা।এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেছেন, হুথি যোদ্ধারা অধিকৃত হাইফা এলাকার পূর্বে ইসরায়েলি শত্রুর রামাত ডেভিড বিমানঘাঁটিতে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক অভিযান চালিয়েছে। সেই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে বাধা দিতে ব্যর্থ হয়েছে।ওদিকে,ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দামেস্কে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রাসাদের কাছে হামলা চালায়।
তবে লক্ষ্যবস্তু কী ছিল, তা প্রকাশ করা হয়নি।সিরীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন আহমেদ আল-শারা। যিনি একসময় আল-কায়েদার ঘনিষ্ঠ ছিলেন। তিনি বহুদলীয় ও অন্তর্ভুক্তিমূলক শাসনের প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতা তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।
