
গাজ়ার পরে এবার পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড, জেরুসালেম লাগোয়া ওয়েস্ট ব্যাঙ্কে হামলা চালিয়েছে ইজরায়েল সেনা।স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত এলাকায় দফায় দফায় ইজরায়েলি হানায় অন্তত ১০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে খবর।
তেল আভিবের দাবি, ওয়েস্ট ব্যাঙ্কে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের খোঁজেই ওই অভিযান। যদিও প্যালেস্টাইন কর্তৃপক্ষের অভিযোগ, নিহতেরা সকলেই সাধারণ নাগরিক। ওয়েস্ট ব্যাঙ্কের উত্তরাংশের চার শহর জেনিন, তুলকারেম, নাবলুস ও তুবাসে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলিকেও তারা নিশানা করে বলে অভিযোগ।এরই পাশাপাশি শুরু হয় গ্রাউন্ড অপারেশনও। তুলকারেমে দু’টি হাসপাতাল, নাবলুসের শরণার্থী শিবির ইতিমধ্যেই দখল করেছে ইজরায়েল সেনা। তুবাসের কাছে আল ফারা শরণার্থী শিবিরে হয়েছে ড্রোন হামলা। ইজরায়েলি হামলার খবর পেয়েই স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষে’র প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস সৌদি আরব সফর স্থগিত রেখে ওয়েস্ট ব্যাঙ্কে ফিরে এসেছেন।
