
গাজার বিভিন্ন এলাকায় আচমকাই শোনা যাচ্ছে মহিলা কণ্ঠে কান্না। কখনও শোনা যাচ্ছে শিশুর আর্তনাদ। আওয়াজ শুনে বাড়ি বা ত্রাণ শিবির থেকে বেরোতেই ইজরায়েলি ড্রোনের শিকার হচ্ছেন প্যালেস্তানিয়রা।
নকল শব্দ করে গাজাবাসীকে নিশানা করে হামলা চালাতে এমনই কৌশল নিয়েছে ইজরায়েল। আল জাজিরা সূত্রে খবর, কোয়াডকপ্টার নামের ইজরায়েলি ড্রোন বিভিন্ন জায়গায় গিয়ে মহিলা কন্ঠে কান্না ও শিশুর আর্তনাদের শব্দ করছে। শব্দের উৎস অনুসরণ করে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসলেই ড্রোনের মাধ্যমে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। যদিও এই বিষয়ে ইজরায়েলি সেনার তরফে এই বিষয়ে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। কোয়াডকপ্টার রিমোট দ্বারা পরিচালিত ড্রোন। মূলত নজরদারি, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নিশানা এবং জনতাকে ছত্রভঙ্গ করার কাজে এই ড্রোন ব্যবহার করে ইজরায়েলি সেনা।
গাজাকে মূলত হামাস-মুক্ত করার লক্ষ্যে নামা ইজরায়েলের হানায় গত ১৪ মাসে ওই ভূখণ্ডে অন্তত ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য দফতর।








