
দক্ষিণ ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর নিশ্চিত করেছে। এর আগে নিহতের সংখ্যা প্রথমে ৫ এবং পরে ২৪জন বলা হয়েছিল।
এরপর সেই সংখ্যা এক লাফে বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে।এদিকে তেহরানে আবার বিস্ফোরণের নতুন শব্দ শোনা গেছে।ইন্টারনেট ব্লক এবং যোগাযোগের অভাবের কারণে সঠিক পরিস্থিতি সম্পর্কে জানা যাচ্ছে না।এটি একটি ধারাবাহিক অভিযান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।ইসরায়েলি ও আমেরিকার যৌথ হামলার পর ইরানে ইন্টারনেট সার্ভিস কঠোরভাবে সীমিত করা হয়েছে।ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইসরায়েল ও আমেরিকার হামলার প্রেক্ষাপটে ইন্টারনেটের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
নেটওয়ার্ক ডেটা দেখে বোঝা যাচ্ছে ইরানে সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন রয়েছে।নেটব্লকস আরো জানায়, গত বছর ইসরায়েলি হামলার সময় যে রকম ইন্টারনেট বন্ধ করা হয়েছিল ঠিক একই রকমভাবে ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলেই মনে হচ্ছে।ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে।
