
রাষ্ট্রপুঞ্জে ভারতকে আশীর্বাদ ও ইরানকে অভিশাপ বলে চিহ্নিত করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বার্ষিক অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে দুই মানচিত্র তুলে ধরেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ডান হাতের মানচিত্রে থাকা ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনকে চিহ্নিত করেছেন অভিশাপ হিসাবে। অন্যদিকে, ভারত, মিশর, সুদান এবং সৌদি আরবকে চিহ্নিত করেছেন আশীর্বাদ হিসাবে। পশ্চিম এশিয়ার টালমাটাল পরিস্থিতিতে নেতানিয়াহুর এই প্রতিতুলনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যে দেশগুলিকে নেতানিয়াহু আশীর্বাদ বলে চিহ্নিত করেছেন, মানচিত্রে সেগুলিকে সবুজ রঙে দেখানো হয়েছে। আর অভিশাপ বলে চিহ্নিত করা দেশগুলিকে কালো রঙে দাগানো হয়েছে। মানচিত্রে প্যালেস্টাইনের দুই বিতর্কিত ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজাকে ইজরায়েলের অংশ হিসাবে দেখানো হয়েছে। আবার সিরিয়ার গোলান ভূখণ্ডকেও নিজেদের মানচিত্রের অন্তর্ভুক্ত করেছে ইজরায়েল।





