
এবার যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রেসের গাড়িতে ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন পাঁচ সাংবাদিক। এমনটাই জানিয়েছে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত আঞ্চলিক প্রশাসন। জানা গিয়েছে, ওই পাঁচ সাংবাদিক একটি গাড়িতে নুসেইরত শরণার্থী শিবিরের অদূরে আল আওদা হাসপাতালে খবর সংগ্রহে গিয়েছিলেন।
তাদের গাড়িতে প্রেস লেখা ছিল বড় হরফে। কিন্তু তা সত্ত্বেও ইজরায়েলি বোমারু বিমান গাড়িতে হামলা চালায়। নিহতেরা সকলেই প্যালেস্টাইনি।২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সীমান্ত থেকে হামাস যোদ্ধারা ইজরায়েলে হামলা চালানোর পর থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই সঙ্গে ধারাবাহিক ভাবে ইজরায়েল সেনার নিশানা হচ্ছেন সাংবাদিকেরা। পরবর্তী সময়ে লেবাননেও একই ঘটনা ঘটেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কর্মীরা ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন।
সাংবাদিকদের অধিকার রক্ষার কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস-এর তরফে সম্প্রতি একটি রিপোর্টে জানানো হয়েছিল চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং সংঘাতের পরিস্থিতিতে কর্মরত ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন।






