
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই গাজায় ইজরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন শতাধিক প্যালেস্তিনীয়। নিহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। এমনটাই দাবি করেছে গাজার সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার যুদ্ধবিরতি ঘোষণা হলেও লড়াই থামেনি। হামাস নিধনে রক্তক্ষয়ী অভিযান জারি রেখেছে ইজরায়েল। ফলে ১৫ মাস পর লড়াই থামার সবুজ সংকেত মিললেও তা কতটা কার্যকর হবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।সূত্রের খবর, শুক্রবার সকালে মধ্য গাজায় হামলা চালায় ইজরায়েলের বিমানবাহিনী। হামলা চলে দক্ষিণ গাজার আল মাওয়াসির মতো একাধিক শরণার্থী শিবিরে। সব মিলিয়ে মৃতের সংখ্যা অন্তত ১০১। যার মধ্যে ২৭ জন শিশু ও ৩১ মহিলাও রয়েছে। আহতের সংখ্যাও শতাধিক। এনিয়ে ইজরায়েলের বার-ইলান ইউনিভার্সিটির অধ্যাপক মেনাচেম ক্লেইন বলেছেন, ইজরায়েলের সরকার এবং তাদের সামরিক বাহিনী এখনও গাজাযুদ্ধে জয়ের আশা করছে। কিন্তু এখনও তারা তা অর্জন করতে পারেনি।
ইজরায়েল যুদ্ধের যে লক্ষ্য সামনে রেখেছিল এবং হামাসের সঙ্গে যে চুক্তি হয়েছে তার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। এদিকে, ইজরায়েলের দাবি, ক্যাম্প বা শরণার্থী শিবিরগুলোতে হামাস লুকিয়ে এখনও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।







