
গাজায় এ বার বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিয়েছে ইজরায়েল। গত সপ্তাহেই প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম দফার মেয়াদ শেষ হয়েছে ইজরায়েলের। ওই মেয়াদ আরও বৃদ্ধি করার জন্য হামাসকে চাপে রাখছে ইজরায়েল। প্রথম দফায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই গাজায় প্রয়োজনীয় পণ্য বা ত্রাণ পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নেয় বেঞ্জামিন নেতানিয়াহু।
এ বার গাজায় বিদ্যুৎ পাঠানোও বন্ধ করে দিয়েছে তারা।ইজরায়েলের বিদ্যুৎ মন্ত্রক থেকে সে দেশের বিদ্যুৎ বণ্টন সংস্থা ইজরায়েল ইলেকট্রিক কর্পোরেশনকে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, গাজায় বিদ্যুৎ পাঠানো বন্ধ করার জন্য। যদিও তা সম্পূর্ণ ভাবে বন্ধ করে দিচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ১৫ জানুয়ারি কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে ইজরায়েল এবং হামাস সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। ১৯ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হয়।
