
আমেরিকার কাছ থেকে আরও যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতা বিবেচনায় এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দেশটির প্রতিরক্ষা খাতের ক্রয় কমিটি নতুন করে দুটি যুদ্ধবিমান স্কোয়াড্রন কেনার অনুমোদন দেয়। এর মধ্যে রয়েছে লকহিড মার্টিন থেকে একটি এফ-৩৫আই স্কোয়াড্রন এবং বোয়িং থেকে একটি এফ-১৫ আইএ স্কোয়াড্রন। তার সাপেক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ক্রয় সংক্রান্ত পরিকল্পনাও অনুমোদন দেয় কমিটি। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব চুক্তির মূল্য কয়েক বিলিয়ন শেকেল।
মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিমানগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দীর্ঘমেয়াদি বাহিনী উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে কাজ করবে, যা আঞ্চলিক পরিবর্তনশীল হুমকি মোকাবিলা এবং ইসরায়েলের কৌশলগত আকাশসীমা নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করবে।








