
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং দু’ দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এর ফলে সোমালিল্যান্ডকে দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া প্রথম রাষ্ট্র হলো ইসরায়েল।নেতানিয়াহুর দপ্তরের ভাষ্যে, এই ঘোষণা করা হয়েছে আব্রাহাম অ্যাকর্ডসের চেতনায় যা ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে স্বাক্ষরিত একাধিক চুক্তি।সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দিরাহমান মোহাম্মদ আব্দুল্লাহির এ স্বীকৃতিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি একটি কৌশলগত অংশীদারির সূচনা।সোশ্যাল মিডিয়া,এক্সে এক পোস্টে তিনি বলেছেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা ইসরায়েল রাষ্ট্রের প্রধানমন্ত্রীর স্বীকৃতিকে উষ্ণ অভ্যর্থনা জানাই এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে সোমালিল্যান্ডের প্রস্তুতির কথা নিশ্চিত করছি।
উল্লেখ্য,১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করা সোমালিল্যান্ড দীর্ঘ দশক ধরে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তদবির করে আসছে, যা ছিল গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে আব্দুল্লাহির অন্যতম অগ্রাধিকার।এক পৃথক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সার জানিয়েছেন, দু’ দেশ পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে,যার মধ্যে থাকবে রাষ্ট্রদূত নিয়োগ এবং দূতাবাস খোলা।
