২ উপগ্রহকে তিনমিটার কাছাকাছি নিয়েও পিছিয়েছে ইসরো

0
231
ছবি সৌজন্যে : এক্স
দুই উপগ্রহকে তিনমিটার কাছাকাছি নিয়ে গিয়েও পিছিয়ে এনেছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, তথ্য বিশ্লেষণের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।
রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্টে ইসরো জানিয়েছে, স্পেস ডকিংয়ের পরীক্ষামূলক প্রচেষ্টা ১৫ মিটার এবং তিন মিটার পর্যন্ত সফল হয়েছে। তারপর আবার সেগুলিকে নিরাপদ দূরত্বে ফিরিয়ে আনা হয়েছে। আরও তথ্য বিশ্লেষণের পর স্পেস ডকিং প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। জানা গিয়েছে, শনিবার রাত ১২টার পর থেকেই ডকিং প্রক্রিয়া শুরু করেছিল ইসরো। প্রথমে দু’টি কৃত্রিম উপগ্রহকে নিয়ে যাওয়া হয়েছে ১৫ মিটার ব্যবধান পর্যন্ত। তারপর আরও কাছাকাছি এগিয়েছে তারা। দু’টি উপগ্রহের মধ্যে যখন দূরত্ব তিন মিটার, তখন তাদের থামিয়ে দেওয়া হয়েছে। গত ৩০ ডিসেম্বর এই পরীক্ষার জন্য অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে পিএসএলভি- সি৬০ রকেট উৎক্ষেপণ করেছিল ইসরো। ওই রকেটের প্রধান পেলোড হিসাবেই পাঠানো হয়েছিল স্পেডেক্স ১ এবং ২-কে। একই গতিবেগে একই দূরত্ব পাড়ি দেওয়ার পর ওই দুটি মহাকাশে একই বিন্দুতে একসঙ্গে পৌঁছবে এবং একত্রিত হবে।
এই সম্পূর্ণ প্রক্রিয়ার নাম স্পেস ডকিং। এই পরীক্ষা সফল হলে মহাকাশ স্টেশন স্থাপনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে ইসরো।