
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা,ইসরো-র,স্পেডেক্স মিশনের দুই কৃত্রিম উপগ্রহের স্পেস ডকিং প্রক্রিয়া দ্বিতীয় বারের জন্য সফল ভাবে সম্পন্ন হয়েছে। ইসরোর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহও।ইসরোর স্পেডেক্স মিশনটি ৩০ ডিসেম্বর পিএসএলভি-সি৬০ রকেটের সাহায্যে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল।
এর পর, ১৬ জানুয়ারি স্পেডেক্স মিশনের অধীনে দুই কৃত্রিম উপগ্রহ এসডিএক্স ওয়ান এবং এসডিএক্স টু-কে মহাকাশে পরস্পরের হাত ধরিয়েছিল ইসরো। সফল হয়েছিল স্পেস ডকিং প্রক্রিয়া। চিন, রাশিয়া এবং আমেরিকার পর বিশ্বের চতুর্থ দেশ হিসাবে স্পেস ডকিংয়ে সাফল্য পেয়েছিল ভারত। এর পর গত ১৩ মার্চ প্রথম প্রচেষ্টাতেই দুই উপগ্রহের আনডকিংয়ের প্রক্রিয়াও সম্পন্ন করে ইসরো। এ প্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, ৪৬০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে ৪৫ ডিগ্রি কোণে হেলে থাকা উপগ্রহগুলিকে আনডক করা হয়েছিল। অনেক গবেষণা ও পরীক্ষানিরীক্ষার পর একটি সিমুলেটর তৈরি করা হয়েছিল এবং মোট ১২০টি সিমুলেশন পরিচালনা করে প্রথম প্রচেষ্টাতেই নির্ভুল ভাবে আনডকিং প্রক্রিয়া সম্পন্ন করেছিল ইসরো।
এর আগে,৩০ ডিসেম্বর স্পেস ডকিংয়ের জন্য অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে পিএসএলভি-সি৬০ রকেট উৎক্ষেপণ করে ইসরো।ওই রকেটের প্রধান পেলোড হিসাবেই পাঠানো হয়েছিল এসডিএক্স ওয়ান এবং এসডিএক্স টু-কে। এ ছাড়া, ২৪টি সেকেন্ডারি পেলোডও পাঠানো হয়েছিল। উল্লেখ্য,২০৩৫ সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপন করতে বদ্ধপরিকর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
