শততম সফল উৎক্ষেপণ ইসরোর 

0
154
ছবি সৌজন্যে : এক্স
নতুন বছরের গোড়াতেই ইসরো-র মুকুটে নয়া পালক। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে শততম উৎক্ষেপণের নজির গড়েছে ভারতীয় মহাকাশ সংস্থা।
বুধবার ভোর ৬টা ২৩ মিনিট নাগাদ কৃত্রিম উপগ্রহ এনভিএস-২-কে নিয়ে জিএসএলভি এফ-১৫ রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে ইসরো। জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা জিএসএলভি এফ-১৫ হল দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি একটি ত্রিস্তরীয় রকেট। এটির মাধ্যমেই পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে এনভিএস-০২-কে। অভিযানের আগে রীতি মেনে মঙ্গলবার অন্ধ্রের তিরুপতির তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। সঙ্গে ছিলেন সংস্থার অন্য শীর্ষ আধিকারিকেরাও।১৯৭৯ সালের ১০ অগাস্ট এই শ্রীহরিকোটা থেকেই প্রথম এসএলভি-৩ রকেট উৎক্ষেপণ করেছিল ইসরো। প্রযুক্তিগত ত্রুটির কারণে তা ভেঙে পড়েছিল বঙ্গোপসাগরে। সেই ঘটনার পর ৪৬ বছর পেরিয়ে গিয়েছে।
প্রথম ব্যর্থতার পর এত বছরে সাফল্যের বহু নজির গড়েছে ইসরো। চন্দ্রযান, মঙ্গলযান, আদিত্য এল-১ উৎক্ষেপণ, গগনযানের প্রস্তুতি— আরও কত কী! এ হেন ইসরোর সাফল্যের তালিকায় এ বার জুড়ল আরও এক অভিযান। শততম অভিযান।